মাধ্যমিকের পরিক্ষার ফলাফল কবে ,কোন ওয়েবসাইটে দেখা যাবে জানাল পর্ষদ।
Madhyamik 2026: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের কারণে এ বছরের মাধ্যমিক পরীক্ষা একটু আগেই নেওয়া হয়েছিল। ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই পরীক্ষায় প্রায় সাড়ে ৯ লক্ষ ছাত্রছাত্রী অংশ নিয়েছিল। পরীক্ষা শেষ হওয়ার প্রায় ৯০ দিনের মাথায় ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, আগামী ৮ মে সকাল সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন পর্ষদের সভাপতি। এরপর সকাল ১০টা ১৫ মিনিট থেকে পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের ফলাফল দেখতে পারবে। একই দিন সকাল সাড়ে ১০টা থেকে ক্যাম্প অফিস থেকে মার্কশিট বিতরণ শুরু হবে, সেখান থেকেই স্কুলগুলি মার্কশিট সংগ্রহ করবে।
পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল দেখতে পারবে দুটি নির্দিষ্ট ওয়েবসাইটে—www.wbbsedata.com এবং www.wbbse.wb.gov.in।
পর্ষদ সূত্রে জানা গিয়েছে, এপ্রিল মাসের মধ্যেই সব বিষয়ের নম্বর জমা পড়ে গিয়েছিল। ফেব্রুয়ারিতে পরীক্ষা শেষ হওয়ার পরই দ্রুত খাতা মূল্যায়নের কাজ শুরু হয়। যদিও নির্বাচনী দায়িত্বে অনেক শিক্ষক যুক্ত থাকায় শুরুতে কিছুটা অনিশ্চয়তা ছিল, তবুও নির্ধারিত সময়ের মধ্যেই সব কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে।
একজন প্রধান পরীক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, 'নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সময়মতো ফল প্রকাশ করা ছিল বড় দায়িত্ব। সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই এই কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে'।
